বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সবশেষ

দুবাইয়ে ১০০ আনসার-ভিডিপি সদস্যের চাকরি

প্রশিক্ষিত জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে চাকরি পাচ্ছেন বাহিনীর ১০০ সদস্য। এ নিয়োগের জন্য প্রাথমিকভাবে ১৩৯ জন প্রার্থীর মধ্য থেকে যোগ্য কর্মী নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এ নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এবং রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের পাশাপাশি সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষাও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বিদেশের শ্রমবাজারে অদক্ষ কর্মী পাঠানোর পরিবর্তে প্রশিক্ষিত জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে আনসার ও ভিডিপি। দুবাইয়ের প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ হাজার কর্মীর চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণের লক্ষ্যে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম পর্যায়ের কর্মী বাছাই করা হচ্ছে।

তিনি জানান, বিদেশে চাকরিপ্রত্যাশীদের দালালচক্রের প্রতারণা ও অযাচিত আর্থিক ব্যয় থেকে রক্ষা করতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বিদেশি মিশন এবং সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই নিরাপদ ও সম্মানজনকভাবে বিদেশে কাজের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈদেশিক কর্মসংস্থানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন মহাপরিচালক। তার ভাষ্য, সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রবাসে থাকা সদস্যদের রেমিট্যান্স পাঠানো, ঋণের কিস্তি পরিশোধ এবং জরুরি প্রয়োজনে সহায়তা দিতে বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে নিয়ে সমন্বিত সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে।

বিদেশগামী সদস্যদের জন্য নিবন্ধন থেকে শুরু করে বিদেশে অবস্থানকালীন প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ওয়েলফেয়ার ট্রাস্টের সিআরএম সফটওয়্যার এবং ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মরত সদস্যদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

বিদেশে কর্মরত অবস্থায় সদস্যদের আচরণ ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মহাপরিচালক। তিনি বলেন, বিদেশের কর্মস্থলে প্রত্যেক সদস্য বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং দেশের প্রতিনিধিত্ব করবেন। তাই তাদের সততা, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ববোধ বজায় রাখতে হবে। নিয়োগকারী প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ কিংবা কোনো ধরনের অসদাচরণের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহাপরিচালক আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। দুবাইয়ে নিয়োগ পাওয়া সদস্যরা কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনামের পরিচয় দিতে পারলে ভবিষ্যতে আন্তর্জাতিক শ্রমবাজারে আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ক্ষেত্রে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করে দেশে ফেরার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

দুবাইয়ের বাইরে জাপান ও ইউরোপের শ্রমবাজারেও আনসার সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ চলছে। জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তোলার পাশাপাশি আইসিটি ও ভাষা শিক্ষায় পারদর্শী সদস্যদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয় ও ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা এবং স্পন্সরশিপের উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে ইউরোপের শ্রমবাজারে প্রবেশের জন্য আন্তর্জাতিক মানদণ্ড, কমপ্লায়েন্স ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।

যেসব সদস্য বিদেশে যেতে আগ্রহী নন কিংবা যেতে সক্ষম নন, তাদের জন্যও কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা তৈরির পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস এবং একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা হবে।

নিয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, চাকরিপ্রার্থী সদস্য এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *