রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সবশেষ

প্রবাসীদের এনআইডি সংশোধনে শর্ত কমানোর চিন্তা ইসির, গুরুত্ব পাচ্ছে মানবিক দিক

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বয়সসহ বিভিন্ন তথ্য সংশোধনের ক্ষেত্রে তুলনামূলক সহজ নীতি গ্রহণের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি, গ্রিনকার্ড কিংবা সংশ্লিষ্ট দেশের গ্রহণযোগ্য নথিপত্র থাকা প্রবাসীদের আবেদন মানবিক বিবেচনায় নিষ্পত্তির সুযোগ দিতে চায় সংস্থাটি। এ ক্ষেত্রে দেশের অভ্যন্তরে বসবাসকারীদের জন্য প্রযোজ্য কঠোর শর্তের তুলনায় প্রবাসীদের কিছুটা ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিদেশে যাওয়ার সময় বয়স কম দেখানোর কারণে পরবর্তী সময়ে অনেক প্রবাসীকে এনআইডি সংশোধনের জটিলতায় পড়তে হয়। বিশেষ করে কম বয়সে বিদেশে যাওয়া ব্যক্তিদের কেউ কেউ সেখানে ভিন্ন বয়সের তথ্য ব্যবহার করে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন। পরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রকৃত বয়স অনুযায়ী বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য নথিপত্র সংশোধনের প্রয়োজন দেখা দেয়। অনেক ক্ষেত্রে বয়সের ব্যবধান ১০ বছর বা তারও বেশি হয়।

বর্তমান নিয়মে ১০ বছর বা তার বেশি বয়স সংশোধনের আবেদন মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করতে হয়। এ প্রক্রিয়া জটিল হওয়ায় অনেক প্রবাসীর আবেদন দীর্ঘসূত্রতায় পড়ে। ফলে বিদেশে বৈধভাবে বসবাস, বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সমস্যার আশঙ্কা তৈরি হয়।

ইসি কর্মকর্তাদের মতে, দেশের অভ্যন্তরে বয়স সংশোধনের অনেক আবেদনের পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে পারে। তবে প্রবাসীদের একটি অংশ বিদেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা বৈধ অভিবাসনসংক্রান্ত প্রয়োজন মেটাতে পরিচয়পত্র সংশোধন করতে চান। তাই সংশ্লিষ্ট দেশের স্থায়ী বসবাসের অনুমতিপত্র, গ্রিনকার্ড কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য দলিল থাকলে সেসব আবেদন আলাদাভাবে বিবেচনার সুযোগ রাখা প্রয়োজন।

কমিশনের কর্মকর্তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে বিদেশে বসবাসরত প্রবাসীরা শুধু এনআইডির তথ্যগত অসংগতির কারণে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হলে তা তাদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

সম্প্রতি এনআইডি সংশোধনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) হালনাগাদ করতে একটি কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন। সেখানে পাওয়া বিভিন্ন মতামত পর্যালোচনার পর প্রবাসীদের সংশোধনসংক্রান্ত বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সংশোধিত নীতিমালায় তাদের জন্য পৃথক বা অপেক্ষাকৃত নমনীয় ব্যবস্থা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভাগ্য অন্বেষণে বিদেশে পাড়ি জমানো অনেক রেমিট্যান্স যোদ্ধা ভিন্ন পরিচয় ধারণ করেন। পরবর্তী সময়ে প্রকৃত পরিচয় অনুযায়ী অথবা নতুন পরিচয়ের ভিত্তিতে সংশোধনের আবেদন করেন। মানবিক কারণে এ ক্ষেত্রে একটি সমন্বিত কৌশল ও নীতিমালা অবলম্বন করা প্রয়োজন।

তিনি জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর দুই বছরের কম সময়ে ১৭ লাখের বেশি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে। এর মধ্যে ১৪ লাখ আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রায় তিন লাখ আবেদন বাতিল হয়েছে।

তবে প্রবাসীদের ক্ষেত্রে মানবিক বিবেচনার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের নির্ভুলতা ও নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এনআইডির সঙ্গে জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি হিসেবে দেশের ভাবমূর্তি এবং শ্রমবাজারসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তাই দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নির্ভুল জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা এবং এর মান বজায় রাখা অপরিহার্য।

বিদেশে এনআইডি সেবার পরিধি বাড়ছে

প্রবাসীদের তথ্য সংশোধনের নীতিমালা সহজ করার চিন্তার পাশাপাশি বিদেশে জাতীয় পরিচয়পত্র সেবার পরিধিও বাড়াচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসহ (বায়রা) বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে ইসি।

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশি বসবাস করছেন। ইসি সচিব আখতার আহমেদ জানান, বিদেশে ঠিক কতসংখ্যক বাংলাদেশি রয়েছেন, তার সুনির্দিষ্ট হিসাব নেই। তবে প্রবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে পাওয়া তথ্যে বিদেশে বাংলাদেশির সংখ্যা এক কোটি ৩০ লাখ বা তার কিছু বেশি। তাঁদের অন্তত ৭০ শতাংশের জাতীয় পরিচয়পত্র রয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, বিশ্বের ৪০টি দেশে মোট ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন বাংলাদেশি প্রবাসী রয়েছেন। দেশগুলোর মধ্যে সৌদি আরবে সর্বাধিক ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন এবং নিউজিল্যান্ডে সর্বনিম্ন দুই হাজার ৫০০ জন বাংলাদেশি বসবাস করছেন।

প্রবাসী বাংলাদেশির সংখ্যা বিবেচনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্সসহ ৪০টি দেশকে অগ্রাধিকার তালিকায় রেখেছে নির্বাচন কমিশন। তালিকায় মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ার বিভিন্ন দেশ রয়েছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে এনআইডি কার্যক্রম চালু রয়েছে। সুইডেনের মাধ্যমে নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদেরও এ সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি স্পেন, জার্মানি ও হংকংয়ে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশভিত্তিক সেবার পাশাপাশি কয়েকটি শহরকে কেন্দ্র করে স্টেশনভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে ইসি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস উল্লেখযোগ্য। এসব দেশ ও শহর থেকে তুলনামূলক বেশি আবেদন জমা পড়ছে। কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসগুলোর সহযোগিতা নিচ্ছে কমিশন।

এদিকে দেশে ও বিদেশ থেকে এনআইডি সংশোধনের প্রায় দেড় লাখ আবেদন এখনো নির্বাচন কমিশনের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। প্রবাসীদের জন্য সংশোধনপ্রক্রিয়া সহজ করার উদ্যোগ বাস্তবায়িত হলে এসব আবেদনের নিষ্পত্তি এবং বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পরিচয়সংক্রান্ত জটিলতা নিরসনে নতুন সুযোগ তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *