যুক্তরাজ্যের কেন্টে এক শিশুকে পাঁচ বছর ধরে একাধিকবার যৌন নিপীড়নের দায়ে মোহাম্মদ ইসলাম (৫৫) নামে এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ধর্মীয় দায়িত্ব পালনের সুবাদে শিশুটির পরিবারের আস্থা অর্জন করে তিনি এ অপরাধ সংঘটিত করেন বলে মামলার বিচারিক প্রক্রিয়ায় উঠে এসেছে।
গত ২৬ নভেম্বর মেইডস্টোন ক্রাউন কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে কারাভোগ শেষে মুক্তির পরও তার চলাফেরা ও আচরণ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সুরক্ষা আদেশ এবং ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মোহাম্মদ ইসলাম কেন্ট কাউন্টির চ্যাথামের একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। আদালতে উপস্থাপিত অভিযোগ অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাঁচ বছর ধরে তিনি একটি শিশুকে একাধিকবার যৌন নিপীড়ন করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে জুরি বোর্ড ছয়টি পৃথক যৌন নিপীড়নের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০০৯ সালে নির্যাতনের ঘটনা বন্ধ হলেও দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি। প্রায় নয় বছর পর, ২০১৮ সালে ভুক্তভোগী তরুণী প্রথমবারের মতো পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও পরে পুলিশে অভিযোগ দেওয়ার বিষয়টি সামনে এলে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।
এরপর ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই কেন্ট পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের ঘটনা সামনে আসে। পরে মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা পরিচালিত হয়।
বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে ভুক্তভোগীর ওপর দীর্ঘ সময় ধরে চালানো নির্যাতনের বিবরণ ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। সেগুলো পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন।
সাজা ঘোষণার সময় আদালত তার বিরুদ্ধে আনা অপরাধের গুরুত্ব এবং ধর্মীয় দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট আস্থার অপব্যবহারের বিষয়টি বিবেচনায় নেন। ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি তার বিরুদ্ধে ‘সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার’ জারি করা হয়েছে। এ আদেশের আওতায় কারামুক্তির পরও তার আচরণ ও চলাফেরার ওপর বিধিনিষেধ থাকবে। পাশাপাশি ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তার কাছাকাছি যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।








