শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছাকাছি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ও একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।
রোববার (আজ) ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকার হাফিজউদ্দীন সিপাহীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক জমাদ্দার মোড় এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের কর্মসূচি ঠেকাতে আগের রাত থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ। এ সময় প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্য, সংঘর্ষ চলাকালে ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে।
সংঘর্ষের একপর্যায়ে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হন। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের ব্যবহৃত কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজনের দাবি, ২০ থেকে ২৫টি মোটরসাইকেলেও অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের সার্ভিস সড়কের পাশে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ ভেতরের বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে অবরোধের কারণে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।
সকাল সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে থেকে সরে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সকাল নয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল আবার শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জাজিরা থানা-পুলিশ।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








