পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের পরিবারের সদস্যদের বিরুদ্ধে এবার নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তার স্ত্রী সায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রাকিন সিটিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, নাশকতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে।
আটক সায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার আটক হওয়া দুই ভাইয়ের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন রেজাউল আলম শাহীন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এদিকে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনও তদন্তের আওতায় রয়েছে। গত অক্টোবরে তাদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ করা এসব ব্যাংক হিসাবে মোট ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা রয়েছে।
ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ পাওয়া ব্যক্তিদের তালিকায় মনিরুল ইসলামের পাশাপাশি তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানমের নামও রয়েছে।
নাশকতার অভিযোগে আটকের ঘটনা এবং এর আগে পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়টি ঘিরে মনিরুল ইসলামের পরিবারের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের নজরদারির বিষয়টি সামনে এসেছে।








