চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল বাংলাদেশ ও নেপালের। রোববার (২৬ এপ্রিল) সকালের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামে এই দুই দল। লক্ষ্য ছিল সেমিফাইনালে ভারতকে এড়ানোর। তবে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরেছে বাংলাদেশ।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৮-৩৬ পয়েন্টের ব্যবধানে হেরেছে বাংলার মেয়েরা। ফাইনালে উঠার লড়াইয়ে আজ বিকালেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ-নেপালের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচ মাঠে গড়ায়নি। সূচি পরিবর্তন করে আজ অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচের শুরু থেকেই লড়াই হয়েছে টানটান উত্তেজনায়। প্রথমার্ধে নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল।
বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। শেষ পর্যন্ত মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।
গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশ ব্রোঞ্জ পদক পাবে।








