সোমবার, ৪ মে ২০২৬

সবশেষ

ভোট গণনার এক ঘণ্টা: বিজেপি এগিয়ে ১১৮ আসনে, তৃণমূল ১০৮

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৬ মিনিট পর্যন্ত প্রাপ্ত প্রবণতায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১১৮টি আসনে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রয়েছে খুব কাছাকাছি অবস্থানে, ১০৮টি আসনে লিড ধরে।

স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু হয়। সংশ্লিষ্ট মহল মনে করছে, দুপুরের মধ্যেই ফলাফলের সামগ্রিক চিত্র পরিষ্কার হয়ে যেতে পারে, যদিও কিছু কেন্দ্রে চূড়ান্ত গণনা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

কড়া নিরাপত্তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের আরও চারটি রাজ্যের ভোট গণনাও চলছে। তবে রাজনৈতিক গুরুত্বের দিক থেকে সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গেই। এখানে ক্ষমতাসীন নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকবে, নাকি পরিবর্তনের হাওয়া বইবে, এ প্রশ্নেই উত্তপ্ত হয়ে আছে রাজ্য রাজনীতি।

২৯৪ আসনের এই বিধানসভায় গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে নির্বাচনী অনিয়মের অভিযোগে ভোট বাতিল করেছে ভারত নির্বাচন কমিশন। সেখানে পুনরায় ভোটগ্রহণ হবে ২১ মে এবং গণনা অনুষ্ঠিত হবে ২৪ মে।

উল্লেখ্য, ২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনেও জয় ধরে রেখে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করে দলটি, যা “মা-মাটি-মানুষ” স্লোগানের রাজনীতির ধারাবাহিকতা হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *