ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত। একই সঙ্গে বাড়ছে উত্তেজনাও। বিকেল প্রায় ৫টা পর্যন্ত পাওয়া প্রবণতায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ১৯৯টি আসনে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৮৮টি আসনে লিড ধরে রেখেছে।
ফলাফলের এই ধারার মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, এক গণনাকেন্দ্রের বাইরে তৃণমূল সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগানের জবাবে বিজেপি সমর্থকরা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
এদিকে, বিভিন্ন আসনের ফলাফলও রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে। বারাকপুরে বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচি পঞ্চম রাউন্ড শেষে ৯০২৭ ভোটে এগিয়ে আছেন। নোয়াপাড়ায় অর্জুন সিং তিন রাউন্ড শেষে ৫০৫৩ ভোটে লিডে। জগদ্দলে তৃতীয় রাউন্ডে বিজেপি প্রার্থী ২৫৫৬ ভোটে এগিয়ে, আর ভাটপাড়ায় পবন কুমার ৭০০৫ ভোটে এগিয়ে রয়েছেন। এই শিল্পাঞ্চল ঘেঁষা বেল্টে বিজেপির আধিপত্য লক্ষ্য করা যাচ্ছে।
উত্তেজনা ছড়িয়ে পড়েছে আরও কয়েকটি এলাকায়। ক্যানিং পূর্বের গণনাকেন্দ্রে তুমুল বিশৃঙ্খলার খবর মিলেছে। আসানসোলে গণনাকেন্দ্রের বাইরে এবং একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে উত্তেজনা দেখা দেয়। সেখানে তৃণমূলের ক্যাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
উল্লেখ্য, ২৯৪ আসনের এই নির্বাচনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট বাতিল করেছে ভারত নির্বাচন কমিশন। সেখানে পুনরায় ভোটগ্রহণ হবে ২১ মে এবং গণনা হবে ২৪ মে।








