মঙ্গলবার, ১২ মে ২০২৬

হামলা হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানোর ইঙ্গিত দিল ইরান

নতুন করে হামলার মুখে পড়লে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের পথে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সামনে থাকা সম্ভাব্য বিকল্পগুলোর একটি হলো ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা। এই মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী বলে আন্তর্জাতিকভাবে বিবেচিত হয়।

রেজায়ি পোস্টে উল্লেখ করেন, “আবারও হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে।”

তার এ বক্তব্যকে ইরানের পারমাণবিক কার্যক্রম আরও জোরদারের সম্ভাব্য বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ রয়েছে। সেই প্রেক্ষাপটে রেজায়ির এই মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক টানাপোড়েনে ইরানের পারমাণবিক কর্মসূচি বরাবরই অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *