হামের টিকা কার্যক্রম বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (১৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।
রিটে অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত হামের টিকা কর্মসূচিকে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা ছিল। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের পাশাপাশি ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।
আবেদনে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে, একই বিষয়ে গত ৬ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।








