যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় এগোচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে।
ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিলে বৈঠকের আয়োজন করে।
শামা ওবায়েদ বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখেই সরকার পরিচালিত হচ্ছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে দীর্ঘ সময় পর একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণ এবং জাতীয় স্বার্থ রক্ষা করাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং বহুমাত্রিক সহযোগিতা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।








