ভারতের নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এখন থেকে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব পেতে হলে নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে সংশোধন এনে এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীর কাছে বৈধ বা মেয়াদোত্তীর্ণ, কোনো ধরনের নিজ দেশের পাসপোর্ট থাকলেও তার তথ্য জানাতে হবে।
বিধিতে বলা হয়েছে, আবেদনকারীর কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে, তাহলে সেই পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদের তথ্য উল্লেখ করতে হবে। পাশাপাশি লিখিত ঘোষণাপত্রে জানাতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে পাসপোর্ট জমা দেওয়া হবে।
সংশোধিত বিধিমালায় আরও উল্লেখ করা হয়েছে, নতুন এই অনুচ্ছেদটি ১সি তফসিলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই তফসিল মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।
এর আগে, ২০১৯ সালে ভারত সরকার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করে। ওই আইনে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়। এবার সেই প্রক্রিয়ায় আরও কিছু প্রশাসনিক শর্ত যুক্ত করল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।








