বুধবার, ১০ জুন ২০২৬

সবশেষ

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সরকার

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দাখিল করা ব্যাখ্যায় সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, তার জবাব গ্রহণযোগ্য হয়নি।

মন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে তা অস্পষ্ট এবং এতে ঘটনার পূর্ণ চিত্র পাওয়া যায়নি। এ বিষয়ে আরও পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনাটি ঘটে গত ২৭ মে ভোরে। ওইদিন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা ও অবকাঠামোগত দুর্বলতা, দায়িত্বে থাকা চিকিৎসক-নার্সদের গাফিলতি এবং পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাবসহ একাধিক গুরুতর অনিয়মের কথা উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, নবজাতকদের জন্য ব্যবহৃত ওই ওয়ার্ডটি উপযুক্ত ছিল না। সেখানে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং এসি ব্যবস্থাও যথাযথভাবে পরিচালিত হয়নি। পাশাপাশি ঘটনার সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি এবং জরুরি পরিস্থিতিতে চিকিৎসাসেবায় বিলম্বের বিষয়টিও উল্লেখ করা হয়।

তদন্তে আরও দেখা যায়, নবজাতকরা জন্মের পর প্রাথমিকভাবে সুস্থ ছিল। তবে পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা বা জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একই সঙ্গে হাসপাতালের কাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক দুর্বলতাও প্রতিবেদনে উঠে আসে।

এর আগে, গত ৪ জুন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ নোটিশ পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *