দীর্ঘ ১৬ বছর পদোন্নতি থেকে বঞ্চিত থাকার পর পুলিশের ঊর্ধ্বতন পদে দায়িত্ব পেয়েছেন মীর আশরাফ আলী। এবার তাকে রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে মনোনীত করা হয়েছে। ১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া এই কর্মকর্তা কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখা ও রেলওয়ে পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বগুড়ার সদর উপজেলার সন্তান মীর আশরাফ আলী পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত পুলিশ সুপার পদে টানা ১৬ বছর পদোন্নতিবঞ্চিত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার পদোন্নতির পথ খুলে যায়। পরবর্তী সময়ে তিন দফা পদোন্নতি পেয়ে বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে উন্নীত হন তিনি।
সর্বশেষ দুই বছর তিনি পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং সিটি স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়।
এরপর অল্প সময়ের জন্য রেলওয়ে রেঞ্জের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করেন মীর আশরাফ আলী। এবার তাকে রাজশাহী রেঞ্জের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষাজীবনে বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ পুলিশি কর্মজীবনে দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন মীর আশরাফ আলী। এ ছাড়া পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি।
দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, গোয়েন্দা কার্যক্রমে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে এবার রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে নতুন দায়িত্বে যুক্ত হচ্ছেন মীর আশরাফ আলী।








