সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সবশেষ

আইন লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ৫৮৯ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি

সৌদি আরবে প্রবাসীদের অবস্থান, কর্মসংস্থান ও সীমান্ত পারাপারসংক্রান্ত আইন প্রয়োগে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এক সপ্তাহের অভিযানে ১১ হাজার ৫৮৭টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্তের পাশাপাশি ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে অভিযান শেষে পরিস্থিতির আরও বড় চিত্র সামনে এসেছে। দেশটিতে বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন ৪১ হাজার ১০৬ জন প্রবাসী। তাদের একটি বড় অংশকে দেশে ফেরানোর প্রস্তুতিও চলছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব ঘটনা শনাক্ত করা হয়। রোববার (৮ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

কোন আইনে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা
অভিযানে শনাক্ত ১১ হাজার ৫৮৭টি আইন লঙ্ঘনের ঘটনার মধ্যে সবচেয়ে বেশি আবাসন আইনসংক্রান্ত। এ আইনে ৬ হাজার ৪৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ১৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩৫৩ জনকে শনাক্ত করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, শুধু আবাসন বা কাজের অনুমতিসংক্রান্ত বিষয় নয়, সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াতের বিরুদ্ধেও অভিযান জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ। দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে আটক করা হয়েছে। একইভাবে অবৈধ পথে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও ১৮ জন।

দেশ ছাড়ার প্রক্রিয়ায় হাজারো প্রবাসী
অভিযানের পর সবচেয়ে বড় যে চিত্রটি সামনে এসেছে, তা হলো দেশটিতে অবস্থানরত প্রবাসীদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া। সৌদি কর্তৃপক্ষের হিসাবে, বর্তমানে ৪১ হাজার ১০৬ জন প্রবাসী এ প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।

এই প্রবাসীদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। আরও ৯ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার জন্য বিমানের টিকিটসহ প্রয়োজনীয় ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আইন লঙ্ঘনে সহযোগীদের বিরুদ্ধেও অভিযান
শুধু আইন লঙ্ঘনকারী প্রবাসীরাই নন, তাদের সহযোগিতাকারীদেরও নজরদারিতে রেখেছে সৌদি নিরাপত্তা বাহিনী। অভিযানে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা কাজে নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় কিংবা অন্য কোনো ধরনের সহযোগিতা দেওয়া গুরুতর অপরাধ। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রয়েছে।

সৌদি কর্তৃপক্ষের এই অভিযান ও পরিসংখ্যান দেশটিতে বসবাসরত প্রবাসীদের আবাসন, কর্মসংস্থান এবং বৈধ কাগজপত্রসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে। বিশেষ করে যাদের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে কিংবা যারা অনুমোদিত শর্তের বাইরে কাজ করছেন, তাদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *