বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে গিয়ে অতিরিক্ত অভিবাসন ব্যয়, নিয়োগে অনিয়ম, প্রতারণা ও প্রশাসনিক জটিলতার মুখে পড়ছেন বাংলাদেশি কর্মীরা। কোনো কোনো ক্ষেত্রে বেসামরিক চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিদেশে নিয়ে ভিন্ন কাজে যুক্ত করার অভিযোগও উঠছে। এমন পরিস্থিতিতে মালয়েশিয়া, রাশিয়াসহ বিভিন্ন দেশের শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত এবং প্রবাসীদের অধিকার সুরক্ষায় সরকারের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলটির দাবি, প্রবাসীদের অবদানকে শুধু রেমিট্যান্সের পরিমাণ দিয়ে মূল্যায়ন করলে চলবে না। বিদেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, ন্যায্য কর্মসংস্থান, আইনি সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। এতে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী।
মালয়েশিয়ার শ্রমবাজারে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ
সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি বিশেষভাবে তুলে ধরে এবি পার্টি। দলের প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রাজা গোলাম রব্বানী জানান, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি নির্ধারিত অভিবাসন ব্যয় ছিল ৭৯ হাজার টাকা। কিন্তু বাস্তবে একজন কর্মীকে ৫ থেকে ৬ লাখ টাকা, এমনকি এর চেয়েও বেশি অর্থ ব্যয় করতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তার মতে, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না। নিয়োগ ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
রাশিয়ায় চাকরির নামে ঝুঁকিতে কর্মীরা?
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণার আরেকটি উদ্বেগজনক দিক হিসেবে রাশিয়ার শ্রমবাজারের প্রসঙ্গ তুলেছে এবি পার্টি। রাজা গোলাম রব্বানী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে বাংলাদেশি নাগরিকদের বেসামরিক চাকরির আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে সামরিক কাজে যুক্ত করার অভিযোগ উঠে এসেছে।
এ ধরনের ঝুঁকি এড়াতে বিদেশে যাওয়ার আগেই চাকরির চুক্তি, নিয়োগকর্তার পরিচয়, ভিসার ধরন এবং প্রকৃত কাজের বিবরণ বাংলাদেশি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার প্রস্তাব দিয়েছে দলটি।
তবে রাশিয়া কিংবা অন্য কোনো দেশে বৈধ ও নিরাপদ বেসামরিক কর্মসংস্থানের সুযোগ বন্ধ করার পক্ষে নয় এবি পার্টি। বরং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেই এসব শ্রমবাজারে নিয়োগ কার্যক্রম পরিচালনার ওপর জোর দিয়েছে দলটি।
বৈধ চাকরি পেয়েও বিএমইটি ছাড়পত্রে ভোগান্তি
ইউরোপের বিভিন্ন দেশে বৈধ ভিসা ও চাকরির চুক্তি পাওয়ার পরও বিএমইটি ছাড়পত্র সংগ্রহে হয়রানি ও দীর্ঘসূত্রতার অভিযোগ তুলেছে এবি পার্টি। রাজা গোলাম রব্বানীর বক্তব্য অনুযায়ী, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভাসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের বৈধ সুযোগ পাওয়া বাংলাদেশিরা প্রশাসনিক জটিলতার কারণে ভোগান্তিতে পড়ছেন।
এ সমস্যা সমাধানে দেশভিত্তিক ছাড়পত্রের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র প্রকাশ, আবেদন নিষ্পত্তির নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং কোনো আবেদন প্রত্যাখ্যান করা হলে তার লিখিত কারণ জানানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছে দলটি।
পাশাপাশি ইউরোপীয় ভিসার আবেদন, বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার গ্রহণের সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে কর্মীদের অতিরিক্ত অর্থ ব্যয় এবং বিদেশে গিয়ে এসব সেবা গ্রহণের ঝুঁকি কমবে বলে মনে করছে দলটি।
প্রবাসীদের সুরক্ষায় সরকারের কাছে সাত দফা দাবি
সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে সরকারের কাছে সাতটি প্রস্তাব তুলে ধরা হয়। এগুলো হলো,
১. মালয়েশিয়াসহ সব আন্তর্জাতিক শ্রমবাজারে সিন্ডিকেট ও অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
২. বিদেশে কর্মী নিয়োগের ব্যয়ের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে এবং কর্মীদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করতে হবে।
৩. রাশিয়াসহ ঝুঁকিপূর্ণ শ্রমবাজারে নিয়োগকর্তা, চাকরির চুক্তি, ভিসার ধরন ও কাজের প্রকৃতি যাচাইয়ের বিশেষ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
৪. ইউরোপের বৈধ চাকরি ও ভিসা পাওয়া কর্মীদের বিএমইটি ছাড়পত্র দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় দিতে হবে।
৫. ইউরোপীয় ভিসার আবেদন, বায়োমেট্রিক ও সাক্ষাৎকার গ্রহণের সেবা বাংলাদেশে সম্প্রসারণে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।
৬. বিদেশে প্রতারণা, বেতন না পাওয়া, পাসপোর্ট আটকে রাখা ও মানবপাচারের শিকার কর্মীদের দ্রুত আইনি সহায়তা এবং দেশে ফেরার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৭. প্রবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য সহজলভ্য, সমন্বিত ও কার্যকর ডিজিটাল ব্যবস্থা চালু করতে হবে।
প্রবাসীদের শুধু রেমিট্যান্সের উৎস হিসেবে দেখার সুযোগ নেই
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর অনেকাংশে নির্ভরশীল হলেও তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে। প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যম হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তারা বাংলাদেশের নাগরিক এবং তাদের অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।
বক্তব্যে তিনি বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান ও পূর্ববর্তী রূপরেখা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষ্য, সব প্রতিকূলতা বিবেচনায় নিয়েই অতীতে বিভিন্ন রূপরেখা দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর গণভোটের রায় কিংবা আগের অবস্থান থেকে সরে আসার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব কেন দেখা যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার বলেন, প্রবাসীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা কেবল অর্থনৈতিক স্বার্থের বিষয় নয়; এটি রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। নিরাপদ অভিবাসন, ন্যায়সংগত কর্মসংস্থান এবং প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, প্রবাসী বিষয়ক সহ-সম্পাদক চৌধুরী মশিউল আযম সাকিব, নুরুন্নবী নয়ন এবং নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলাসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।








