বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সবশেষ

ফ্রান্সে উচ্চশিক্ষায় ইফেল স্কলারশিপ, মাসে মিলবে ১২০০ ইউরোসহ নানা সুবিধা

বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ফ্রান্স। দেশটির ২০২৭ সালের ‘ফ্রান্স এক্সিলেন্স ইফেল স্কলারশিপ’-এর আওতায় টুলুজ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার পাশাপাশি গবেষণার সুযোগ রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসে দেওয়া হবে ১ হাজার ২০০ ইউরো ভাতা। এর সঙ্গে থাকছে বিমানভাড়া, স্বাস্থ্যবিমা এবং ফ্রান্সের অভ্যন্তরে যাতায়াতের জন্য আর্থিক সহায়তা।

ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে ক্যাম্পাস ফ্রান্স। আন্তর্জাতিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

বৃত্তিতে যেসব আর্থিক সুবিধা থাকছে
ইফেল স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো পাবেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ টাকার সমপরিমাণ। শুধু মাসিক ভাতাই নয়, শিক্ষার্থীদের বিদেশযাত্রা ও অবস্থানের খরচ কমাতেও থাকছে বেশ কিছু সুবিধা।

বৃত্তির আওতায় নিজ দেশ থেকে ফ্রান্সে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার ইকোনমি শ্রেণির বিমানভাড়া দেওয়া হবে। পাশাপাশি ফ্রান্সের ভেতরে যাতায়াতের খরচে সহায়তা এবং স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যাবে।

আবাসন খুঁজে পেতেও সহযোগিতা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্রুস আবাসিক হল অথবা বেসরকারি আবাসনে থাকার সুযোগ পেতে পারেন। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমে বিশেষ ছাড়ের সুবিধাও থাকবে।

যে বিষয়গুলোতে পড়াশোনার সুযোগ
টুলুজ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিস্তৃত শাখায় বৃত্তির সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি শাখার বিষয়গুলো হলো,

জীববিজ্ঞান ও স্বাস্থ্যবিজ্ঞান
পরিবেশগত রূপান্তর
গণিত ও ডিজিটাল প্রযুক্তি
প্রকৌশল ও প্রকৌশলবিজ্ঞান

অন্যদিকে, মানবিক ও সামাজিক বিজ্ঞানের আওতায় রয়েছে,

ফরাসি ইতিহাস, ভাষা ও সভ্যতা
আইন ও রাষ্ট্রবিজ্ঞান
অর্থনীতি ও ব্যবস্থাপনা

মাস্টার্সে আবেদনে বয়সসীমা ২৯ বছর
স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করতে হলে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৯ বছর হতে হবে। ২০২৭ সালের বৃত্তির ক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ ৩১ মার্চ ১৯৯৭-এর পরে হতে হবে।

আবেদনকারীকে ফ্রান্সের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে। আবেদনের সময় ফ্রান্সে অধ্যয়নরত থাকা যাবে না। পাশাপাশি সংশ্লিষ্ট মাস্টার্স বা প্রকৌশল বিষয়ে ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।

আগে মাস্টার্স পর্যায়ে ইফেল বৃত্তি পেয়েছেন কিংবা আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন, এমন প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না।

পিএইচডিতে আবেদনে বয়স সর্বোচ্চ ৩৫
পিএইচডি পর্যায়ের প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। ২০২৭ সালের বৃত্তির জন্য আবেদনকারীর জন্মতারিখ ৩১ মার্চ ১৯৯১-এর পরে হওয়া প্রয়োজন।

এ পর্যায়ে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার প্রস্তাব থাকতে হবে। পাশাপাশি টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা গবেষকের সমর্থন প্রয়োজন হবে। বিশ্ববিদ্যালয়টিতে পিএইচডি প্রোগ্রামে নিবন্ধন করা অথবা নিবন্ধনের পরিকল্পনাও থাকতে হবে।

যেসব নথি আগে থেকেই প্রস্তুত রাখতে হবে
আবেদন প্রক্রিয়ার জন্য প্রার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করতে হবে। এগুলোর মধ্যে রয়েছে,

পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
ফরাসি বা ইংরেজি ভাষায় হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)
সর্বশেষ শিক্ষাগত সনদ
বিগত তিন বছরের একাডেমিক ট্রান্সক্রিপ্ট
ভাষাগত দক্ষতার সনদ
মোটিভেশন লেটার
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

সরাসরি আবেদন করা যাবে না যেভাবে
ইফেল স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, শিক্ষার্থীরা সরাসরি ক্যাম্পাস ফ্রান্সে আবেদন করতে পারবেন না। ফ্রান্সের যোগ্য কোনো উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে মনোনীত হতে হবে।

মাস্টার্সে আগ্রহীদের প্রথমে টুলুজ বিশ্ববিদ্যালয়ের কোর্স তালিকা থেকে বৃত্তির আওতাভুক্ত বিষয় নির্বাচন করতে হবে। এরপর নিজের যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

অন্যদিকে, পিএইচডিতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল স্কুল ও গবেষণাগারগুলোর তথ্য পর্যালোচনা করতে হবে। নিজের গবেষণার বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষক বা গবেষক খুঁজে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। গবেষণার পরিকল্পনা তুলে ধরে তার সমর্থন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা যেদিকে নজর দিতে হবে
২০২৭ সালের ইফেল স্কলারশিপের জন্য টুলুজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে মাস্টার্স ও পিএইচডি প্রার্থীদের সময়সীমা আলাদা।

মাস্টার্স পর্যায়: প্রাথমিক আবেদনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬।
পিএইচডি পর্যায়: আবেদনের শেষ সময় ২৯ নভেম্বর ২০২৬।
চূড়ান্ত আবেদন: ইফেল স্কলারশিপের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক আবেদন যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের মনোনীত করবে। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের আবেদন ক্যাম্পাস ফ্রান্সে পাঠানো হবে।

তাই ফ্রান্সে উচ্চশিক্ষা কিংবা গবেষণার পরিকল্পনা থাকা শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যেই টুলুজ বিশ্ববিদ্যালয়ের আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *