বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সবশেষ

মুসলিম শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত সুদভিত্তিক শিক্ষার্থী ঋণ নিতে চান না যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী। তাদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এবার সুদবিহীন বিকল্প অর্থায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামের এ কর্মসূচিতে ইসলামি শরিয়াহ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের অর্থায়ন করা হবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন ব্যবস্থাটি চালুর সম্ভাবনা রয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক শুরুর তারিখ ঘোষণা করেনি দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে ব্রিস্টল, লিডসসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্ভাব্য শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত করতে শুরু করেছে।

তবে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় উদ্বেগ দূর করার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ যুক্তরাজ্যে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের একাংশের দাবি, ধর্মের ভিত্তিতে আলাদা আর্থিক কাঠামো তৈরি করলে সমাজে বিভাজন বাড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, নতুন অর্থায়ন ব্যবস্থাটি ইসলামি শরিয়াহর সুদবিরোধী নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইসলামে সুদ গ্রহণ ও প্রদান নিষিদ্ধ হওয়ায় প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে আপত্তি রয়েছে অনেক মুসলিমের। নতুন ব্যবস্থার মাধ্যমে তাদের সেই বাধা দূর করতে চায় সরকার।

সুদের বদলে দিতে হবে নির্দিষ্ট অবদান
প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত ঋণের মতো সুদ আরোপ করা হবে না। এর পরিবর্তে ইসলামি অর্থায়নের তাকাফুল বা পারস্পরিক আর্থিক সহযোগিতার ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অবদান হিসেবে নেওয়া হবে।

এই অর্থ সরাসরি সরকারের সাধারণ তহবিলে জমা না হয়ে পৃথকভাবে সংরক্ষিত থাকবে। পরবর্তী সময়ে যারা একই কর্মসূচির আওতায় শিক্ষার্থী অর্থায়ন গ্রহণ করবেন, তাদের জন্য ওই অর্থ ব্যবহার করা হবে।

তবে নতুন ব্যবস্থায় অংশ নেওয়া শিক্ষার্থীরা আর্থিকভাবে কোনো বিশেষ সুবিধা পাবেন না। প্রচলিত শিক্ষার্থী ঋণ গ্রহণকারীদের মতোই তাদের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের সময়সূচিও থাকবে একই।

যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছেন, বিকল্প অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে, এমন ধারণা সঠিক নয়। সরকারের বক্তব্য, দুই ব্যবস্থায় অর্থ পরিশোধের কাঠামো আলাদা হলেও শিক্ষার্থীদের আর্থিক দায়বদ্ধতার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকবে না।

বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচার শুরু
সরকার আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরুর তারিখ ঘোষণা না করলেও দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে তথ্য দিচ্ছে। ইউনিভার্সিটি অব ব্রিস্টল নতুন ব্যবস্থাটিকে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারি ঋণ’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে।

অন্যদিকে, ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) এবং সিটি সেন্ট জর্জ’স আবেদনকারীদের জানিয়েছে, প্রস্তাবিত অর্থায়ন ব্যবস্থা সুদভিত্তিক হবে না। নিউক্যাসল ইউনিভার্সিটি এটিকে সুদবিহীন ও শরিয়াহ-সম্মত অর্থায়ন হিসেবে উল্লেখ করেছে।

ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি আরও স্পষ্টভাবে জানিয়েছে, এ কর্মসূচি শরিয়াহ-সম্মত হিসেবে সনদপ্রাপ্ত। ধর্মীয় কারণে যারা সুদযুক্ত ঋণ গ্রহণ করতে পারেন না, তাদের কথা বিবেচনায় রেখেই এ বিকল্পের প্রচার চালানো হচ্ছে।

মুসলিম শিক্ষার্থীদের অনীহা দূর করতেই উদ্যোগ
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরেই প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে ধর্মীয় সংশয়ের কথা জানিয়ে আসছেন। সরকারের ২০২৫ সালের জুনের ঘোষণায় বলা হয়েছিল, প্রস্তাবিত বিকল্প অর্থায়ন ব্যবস্থায় সুদ অন্তর্ভুক্ত থাকবে না। এটিকে রাষ্ট্রীয় সহায়তায় পরিচালিত প্রথম শরিয়াহ-সম্মত শিক্ষার্থী অর্থায়ন প্রকল্প হিসেবে বর্ণনা করা হয়।

২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত মুসলিম সেন্সাসের জরিপেও বিষয়টি উঠে আসে। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ গ্রহণ নিয়ে মানসিক দ্বন্দ্বের কথা জানিয়েছিলেন। অন্যদিকে, ৭১ শতাংশের ধারণা ছিল, বিদ্যমান ঋণব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।

তবে প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে ইসলামি আলেমদের মধ্যে সর্বসম্মত আপত্তি নেই। কিছু আলেম ও ইসলামি ফতোয়া প্রতিষ্ঠান এ ধরনের ঋণ গ্রহণের অনুমোদন দিয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে সমর্থন করেছে।

ফলে নতুন কর্মসূচিটি মূলত তাদের জন্য, যারা ধর্মীয় বিশ্বাসের কারণে সুদভিত্তিক ঋণ নিতে চান না।

আর্থিক ঝুঁকি ও রাজনৈতিক বিতর্ক
নতুন অর্থায়ন ব্যবস্থার পক্ষে সরকারের যুক্তি থাকলেও এর আর্থিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচলিত শিক্ষার্থী ঋণ ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ শেষ পর্যন্ত পুরোপুরি আদায় করা সম্ভব হবে না বলে পূর্বাভাস রয়েছে। বিকল্প ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি থেকে যাচ্ছে।

অর্থাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ ফেরত না এলে শেষ পর্যন্ত সেই আর্থিক চাপ করদাতাদের ওপর পড়তে পারে। সরকার ইতোমধ্যে প্রকল্পটি তৈরির পেছনে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে এ ব্যবস্থা প্রণয়নে সহায়তা করেছে।

সমর্থকদের মতে, ধর্মীয় বিশ্বাসের কারণে যারা উচ্চশিক্ষার অর্থায়ন থেকে দূরে থাকছেন, তাদের জন্য নতুন সুযোগ তৈরি হলে এ ব্যয় সার্থক হবে। তবে বিরোধীদের আপত্তি অন্য জায়গায়। রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রস্তাবিত ব্যবস্থাকে ‘জঘন্য’ এবং ‘দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা’ তৈরির উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন।

দ্য টেলিগ্রাফকে দেওয়া বক্তব্যে ব্রাভারম্যান বলেন, এ ধরনের প্রকল্প ব্রিটিশ সমাজে বিভাজন তৈরি করতে পারে। তার আশঙ্কা, ধর্মীয় ভিত্তিতে পৃথক অর্থায়ন ব্যবস্থা গড়ে উঠলে এমন কিছু সমান্তরাল প্রতিষ্ঠান ও কাঠামো তৈরি হবে, যা ব্রিটিশ সমাজের প্রচলিত জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

অন্যদিকে, সরকার বলছে, এটি কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার প্রকল্প নয়। বরং প্রচলিত ঋণ ব্যবস্থার পাশাপাশি আরেকটি বিকল্প তৈরি করাই এর উদ্দেশ্য। এর মাধ্যমে ধর্মীয় কারণে যারা উচ্চশিক্ষার অর্থায়ন নিতে দ্বিধায় রয়েছেন, তারাও যেন নিজেদের বিশ্বাসের সঙ্গে আপস না করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান, সেটিই নিশ্চিত করতে চায় ব্রিটিশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *