মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার। এ পর্যন্ত দেশটির বিভিন্ন কোম্পানির কাছ থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার বা কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া গেছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ সরকার। প্রাথমিকভাবে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ১১২ জন কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
তিনি বলেন, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে। ডিসেম্বরের আগেই নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে। তবে কোনো কারণে এক-দুই দিন বিলম্ব হলে সেটি ভিন্ন বিষয়।
বোয়েসেল জানিয়েছে, সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে ধাপে ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই প্রথম ধাপে ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগে চূড়ান্ত বাছাই শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২ নভেম্বর ডিএইচএলের কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে জমা পড়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন।
আবেদনকারীদের মধ্য থেকে স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। তাদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
এই ৩০০ প্রার্থীর মধ্য থেকেই পেশাগত দক্ষতা, ব্যবহারিক যোগ্যতা ও সংশ্লিষ্ট পদের উপযোগিতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগের জন্য নির্বাচন করা হবে। এ উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
রাশেদুল হক বলেন, প্রার্থী বাছাইয়ে বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা প্রতিষ্ঠানই পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে।
অভিবাসন ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান
বোয়েসেলের এই নিয়োগ কার্যক্রমে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় দিতে হবে না। নির্বাচিত কর্মীদের বিদেশযাত্রা ও অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি। এ ক্ষেত্রে বোয়েসেল নিয়োগকর্তা কিংবা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।
ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি স্পষ্ট করে বলেন, ‘শূন্য মানে শূন্য’। নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অননুমোদিত ব্যক্তিকে অর্থ না দেওয়ার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। কেউ অর্থ আদায়ের চেষ্টা করলে অথবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণের ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রাশেদুল হক আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে বোয়েসেল। নিয়োগের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অর্থের অভাবে কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ যেন বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় সরকার।








