রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সবশেষ

১১ বছর ধরে মালয়েশিয়ার বন্দিশিবিরে শাহজামাল, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা!

মালয়েশিয়ার একটি ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে প্রায় ১১ বছর ধরে আটক রয়েছেন মোহাম্মদ শাহজামাল (৪০) নামে এক ব্যক্তি। তবে দীর্ঘ সময় ধরে বন্দী থাকলেও তার প্রকৃত জাতীয়তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বাংলাদেশি নাগরিক দাবি করা হলেও মালয়েশিয়ার ইমিগ্রেশনের নথিতে তার জাতীয়তা উল্লেখ রয়েছে মিয়ানমার।

গত এক সপ্তাহ ধরে ফেসবুকে শাহজামালকে বাংলাদেশি দাবি করে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব পোস্টে বলা হচ্ছে, তিনি বাংলাদেশের নাগরিক হলেও মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভুলবশত তার ঠিকানা ও জাতীয়তা মিয়ানমার হিসেবে নথিভুক্ত করেছে। এ কারণে নিজ দেশে ফেরার ক্ষেত্রে জটিলতায় পড়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, শাহজামালের শারীরিক গঠনের সঙ্গে বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের মিল রয়েছে। তবে তার কাছে সঠিক পাসপোর্ট বা জাতীয়তা শনাক্তের মতো কোনো পরিচয়পত্র নেই বলেও দাবি করা হচ্ছে।

ঠিকানা বাংলাদেশের, নথিতে জাতীয়তা মিয়ানমার
শাহজামালের পরিচয় নিয়ে বিভ্রান্তির অন্যতম কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশন-সংক্রান্ত নথিতে থাকা দুটি ভিন্ন তথ্য।

একটি ঠিকানায় তার গ্রামের নাম উল্লেখ করা হয়েছে সুখের বাতি, থানা রৌমারী, জেলা কুড়িগ্রাম, বিভাগ রংপুর। এই ঠিকানা অনুযায়ী তিনি বাংলাদেশের নাগরিক হতে পারেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে।

অন্য একটি নথিতে তার নাম লেখা রয়েছে Mohammad Shajamal। সেখানে বাবার নাম মো. বাচ্চের আলী এবং জন্মতারিখ ১৫ মার্চ ১৯৮৬ উল্লেখ করা হয়েছে। তবে একই নথিতে তার জাতীয়তা মিয়ানমার (Myanmar) এবং ধর্ম ইসলাম হিসেবে লিপিবদ্ধ রয়েছে।

ফলে নথিতে বাংলাদেশের একটি ঠিকানা থাকলেও জাতীয়তার ঘরে মিয়ানমার লেখা থাকায় তার প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

২০১৬ সাল থেকে মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোহাম্মদ শাহজামাল মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ডিটেনশন সেন্টার Depoh Imigresen Langkap-এ আটক রয়েছেন।

তার পরনের পোশাকে মালয় ভাষায় ‘Tahanan Imigresen’ লেখা রয়েছে। এর বাংলা অর্থ ইমিগ্রেশন আটক ব্যক্তি।

আটকসংক্রান্ত বিবরণে দেখা যায়, ২০১৬ সালের ১৭ আগস্ট ইমিগ্রেশন আইনের (Akta Imigresen) আওতায় তাকে আটক করা হয় অথবা ওই ক্যাম্পে নেওয়া হয়। এর আগে ২০১৬ সালের ১৮ জুন তার ইমিগ্রেশন-সংক্রান্ত রিপোর্ট বা ফাইল নম্বর তৈরি করা হয়েছিল।

এসব তথ্য মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে আটক একজন বিদেশি নাগরিকের পরিচয়সংক্রান্ত নথির অংশ। তবে এসব নথি থেকে তার প্রকৃত জাতীয়তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

দূতাবাসের তালিকায় নেই শাহজামালের নাম
এ বিষয়ে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিকদের বিষয়ে দূতাবাসের কাছে যে তথ্য রয়েছে, সেখানে মোহাম্মদ শাহজামালের নাম পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমাদের কাছে ডিটেনশন ক্যাম্পে আটক বাংলাদেশিদের যে তথ্য রয়েছে, সেই তালিকায় সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া মোহাম্মদ শাহজামালের বিষয়ে কোনো তথ্য নেই। মালয় ইমিগ্রেশনও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি। নির্দিষ্ট সময়ে সময়ে আমরা ক্যাম্প পরিদর্শন করে থাকি। তবে শাহজামালের বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।’

দূতাবাসের এই বক্তব্যের পরও শাহজামালের প্রকৃত পরিচয় নিয়ে প্রশ্নের অবসান হয়নি। তিনি বাংলাদেশের নাগরিক, নাকি মিয়ানমারের, তা নিশ্চিত করতে প্রয়োজন পরিচয়সংক্রান্ত নথি যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্য।

দীর্ঘ প্রায় ১১ বছর ধরে আটক থাকা এই ব্যক্তির জাতীয়তা নিশ্চিত না হওয়ায় তার দেশে ফেরার বিষয়টিও অনিশ্চিত রয়ে গেছে। এখন শাহজামালের পরিচয় শনাক্তে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের অনুসন্ধানের দিকেই নজর সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *