সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সবশেষ

৫১ কেন্দ্রে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, দিতে হবে ৮ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে সরকারের অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ জন্য মালয়েশিয়ার কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টার নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা।

সোমবার প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের এক বার্তায় স্বাস্থ্য পরীক্ষা শুরুর বিষয়টি জানানো হয়।

এর আগে, গত ২৮ অক্টোবর মন্ত্রণালয় জানিয়েছিল, ৩১ অক্টোবর থেকেই মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু না হওয়ায় নতুন করে সোমবার পূর্ণাঙ্গভাবে পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। আগের ঘোষণার পরও কেন কার্যক্রম চালু হয়নি, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার থেকে অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে। কোনো কেন্দ্র পরবর্তী সময়ে অনুমোদিত তালিকা থেকে বাদ পড়লে সেখানে পরীক্ষা করানো কর্মীদের কোনো সমস্যায় পড়তে হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

মেডিকেল সেন্টার অনুমোদনে পরিবর্তন আসতে পারে
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য বাংলাদেশের মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। ফলে অনুমোদিত কেন্দ্রের তালিকায় পরিবর্তন আসার সুযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের ২৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্দেশনা প্রতিপালন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনায় অনুমোদিত তালিকা থেকে কোনো কোনো মেডিকেল সেন্টার বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন কেন্দ্র যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে নির্ধারিত ৮ হাজার টাকার বাইরে অননুমোদিত কোনো ফি আদায়ের সুযোগ নেই। মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে, সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার কিংবা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না।

মেডিকেলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি ভিডিআর ভিসাসংক্রান্ত কাগজপত্রও দাখিল করতে হবে।

নিয়ম অমান্য করে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল।

এ ছাড়া অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষার তথ্য থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।

অভিযোগ পাঠানোর ইমেইল: secretary@probashi.gov.bd

বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া পুনরায় চালুর অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত বৃহস্পতিবার এ কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হয়। এর প্রথম পর্যায়ে মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই চলছে।

এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *