রাজধানীর রামপুরার বাগিচারটেকে প্রবাসী সানাউল্লাহ গনিকে গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় আক্তার হোসেন ওরফে কুদ্দুস (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে হাতিরঝিল থানার পূর্বউলন, পশ্চিম রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি-৩ জানায়, গ্রেফতার আক্তার হোসেন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। চক্রটি এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডে বাধা দেওয়ায় প্রবাসী সানাউল্লাহ ও তাঁর বন্ধুদের সঙ্গে চক্রটির বিরোধ তৈরি হয়।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, সানাউল্লাহ (৩৫) দুই মাস আগে কাতার থেকে দেশে ফেরেন। এরপর থেকে তিনি রামপুরার বাগিচারটেক এলাকায় বসবাস করছিলেন। গত ২১ নভেম্বর চক্রটির সদস্যরা মেসেঞ্জারে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এর দুই দিন পর, ২৩ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিটের দিকে চক্রটির সদস্যরা বাগিচারটেক গ্যারেজ পট্টির একটি গ্যারেজে হামলা চালায়। তারা গ্যারেজের দারোয়ানদের মারধর করে এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়। পরে গ্যারেজমালিককে খুঁজতে থাকে তারা।
গ্যারেজমালিককে না পেয়ে বের হওয়ার সময় পাশের একটি গলিতে সানাউল্লাহকে দেখতে পায় হামলাকারীরা। এ সময় চাঁদা না দেওয়া ও পূর্ববিরোধের জেরে তাঁর পথ আটকে গুলি ছোড়ে এবং রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় সানাউল্লাহর পরিবারের পক্ষ থেকে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়। পরে থানা পুলিশের অধিযাচনের ভিত্তিতে মামলাটির ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৩। তদন্তের ধারাবাহিকতায় এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-৩ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।








