রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সবশেষ

আওয়ামী লীগকে সামাল দিতে না পেরে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ

আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, গত আট মাস জাতীয় ঐক্যের কথা না বলে এখন কেন বিএনপি এ প্রসঙ্গ সামনে আনছে, সেই প্রশ্নের জবাব দিতে হবে।

রোববার বিকেলে রাজশাহীতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এখন তারা আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ, এখন তাদের আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে গেছে। তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে। গত আট মাস এই জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ আগস্টের পরে এই জাতীয় ঐক্য কোথায় ছিল?’

বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ বাস্তবায়ন না করা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় কার্যকর না করার অভিযোগও করেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি জাতীয় ঐক্য ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এতে বিএনপির প্রতি মানুষের আস্থা কমেছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনার পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছে এনসিপি। গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু, গত ১৬ বছরের গুম-খুন এবং তিনটি বিতর্কিত নির্বাচনের বিচার হওয়া প্রয়োজন। কিন্তু গত দুই বছরেও সেই বিচার নিশ্চিত করা যায়নি।

সমাবেশে ভারতের সঙ্গে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন চুক্তি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পানিসম্পদমন্ত্রী ভারতের কাছে চিঠি পাঠিয়েও জবাব পাননি বলে জানিয়েছেন।

ভারতের বিরুদ্ধে পদ্মার পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে রাজশাহী অঞ্চলকে মরুকরণের ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘এই পদ্মার পাড়ের মানুষদের, এই রাজশাহী অঞ্চলের মানুষদের মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত। তিস্তার পাড়কে যেমন শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ভারত, একইভাবে এখন এই রাজশাহী অঞ্চলকে চরে পরিণত করার, মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত।’

গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা সারজিসের

সমাবেশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম অবৈধ অস্ত্র ও দেশীয় অস্ত্রের বিষয়গুলো এড়িয়ে গিয়ে বিভিন্ন ঘটনাকে ‘লগি-বইঠা’ হিসেবে উপস্থাপন করে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা করছে।

সারজিস আলম বলেন, ‘যাঁরা স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদন করবেন, যাঁরা ভারতের দালালি করবেন, টক শোর টেবিলে বসে তথাকথিত সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী আর সুশীল সেজে ওই ভারতের দালালি করবেন, আওয়ামী লীগের পা চাটবেন—তাঁদের এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হবে।’

আওয়ামী লীগ আবারও সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিরোধ করবে এনসিপি।

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কোনোভাবেই রাজশাহী অঞ্চল কিংবা বাংলাদেশকে মরুভূমিতে পরিণত হতে দেওয়া হবে না। গঙ্গা চুক্তির মাধ্যমে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

এর আগে নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এনসিপির রাজশাহী মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান ও জেলা সদস্যসচিব নাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী এবং জেলা শাখার আহ্বায়ক এম এ সবুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *