রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কক্সবাজারে ৬ হাজার ইয়াবাসহ তিন নারী আটক

কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় ইয়াবাসহ অটোরিকশার যাত্রীবেশে একই পরিবারের তিন নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে মেরিন ড্রাইভের কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর প্যারাসেলিং গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল।

আটকরা হলেন— টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মো. সারওয়ার হোসেনের স্ত্রী জুলেখা বেগম (৩৫), একই এলাকার মৃত কামাল হোসেনের স্ত্রী হালিমা আক্তার (২৮) এবং মৃত হাবিবুর রহমানের মেয়ে সেতারা আক্তার (২৬)। তাদের মধ্যে জুলেখা ও হালিমা আপন জা এবং সেতারা ও হালিমা আপন বোন।

উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, বিকেলে মেরিন ড্রাইভ দিয়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় মাদকের চালান পাচারের তথ্য পায় অধিদপ্তর। এর ভিত্তিতে দরিয়ানগর প্যারাসেলিং গেইট এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা একটি সন্দেহজনক অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা তিন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশি চালানো হলে তাদের পরিহিত সালোয়ারে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় দুই হাজার করে মোট ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শনিবার রাতে আটক তিন নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *