শুক্রবার, ১ মে ২০২৬

সবশেষ

ইতালিতে ছোট ভাইকে খুন করে, ভিডিও কলে পরিবারকে লাশ দেখাল বড় ভাই

ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক বাংলাদেশি যুবক নিজের ছোট ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার একটি পরিবারের দুই প্রবাসী ভাইকে ঘিরে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের দুই ছেলে, হুমায়ুন ফকির ও নয়ন ফকির। তারা দুজনেই ইতালিতে বসবাস করতেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই নয়ন ফকিরকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পরিস্থিতি আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়নের নিথর দেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন। বিষয়টি জানাজানি হলে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করে।

নিহতের এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি পরিচয় প্রকাশ করতে চাননি। জানান, হুমায়ুন ফকির প্রায় ১২ বছর আগে বিদেশে পাড়ি জমান। প্রথমে লিবিয়ায় অবস্থান করার পর সেখান থেকে ইতালিতে যান তিনি। পরবর্তীতে ২০২৩ সালে বড় ভাইয়ের সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান।

পারিবারিক জীবনে জটিলতা থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, হুমায়ুন ফকির দুটি বিয়ে করেছিলেন এবং ঘটনার দিন তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা ছিল। এ সিদ্ধান্তের বিরোধিতা করেন ছোট ভাই নয়ন ফকির। বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল, যা শেষ পর্যন্ত সহিংস রূপ নেয়।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভাইয়ের হাতে আরেক ভাই নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। বিষয়টি তাদের অবগত করা হয়েছে এবং তারা খোঁজখবর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *