ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আইনি জটিলতার পর শেষ পর্যন্ত স্বস্তি পেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা, ফলে সংসদে যাওয়ার পথে বড় বাধা কেটে গেছে।
শনিবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশনা অনুসরণ করেই নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ এবং তা যাচাই করা হয়েছে।
এর আগে, মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। নির্ধারিত সময় অতিক্রম করে মনোনয়ন জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে বিষয়টি আদালতে গড়ালে আদালত নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। সেই নির্দেশনার ভিত্তিতেই শেষ পর্যন্ত তার প্রার্থিতা বৈধতা পেল।
অন্যদিকে একই দলের আরেক প্রার্থী মনিরা শারমিনের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত এসেছে। রাষ্ট্রায়ত্ত্ব কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।
এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় বিএনপির ৩৬ জন, ১১ দলীয় নির্বাচনী জোটভুক্ত দলগুলোর ১২ জন (যার মধ্যে এনসিপিও রয়েছে) এবং একজন স্বতন্ত্র প্রার্থী স্থান পেয়েছেন।
এখন আনুষ্ঠানিকতা হিসেবে নির্বাচিতদের শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে একটি আসন নিয়ে আইনি জটিলতা থাকায় সেটির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।








