বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন একটি সামরিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই উদ্যোগের নাম দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকাল থেকেই এই পরিকল্পনা কার্যকর হওয়ার কথা রয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সংঘাতমুক্ত দেশগুলোর আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি থেকে নিরাপদে বের করে আনা এবং তাদের চলাচল স্বাভাবিক করা।
এ উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্টকম সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।
সেন্টকমের পরিকল্পনা অনুযায়ী, এই অভিযানে প্রায় ১৫ হাজার সেনা যুক্ত থাকবে। পাশাপাশি মোতায়েন থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান।
সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ৪ মে থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এই অভিযান শুরু হচ্ছে।
ট্রাম্প এটিকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, আটকে পড়া জাহাজগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকট দেখা দিয়েছে। তাই দ্রুত তাদের নিরাপদে বের করে আনা জরুরি।
তবে তিনি সতর্ক করে দেন, এই অভিযানে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তার ভাষায়, এটি শুধু সামরিক নয়, বরং মানবিক দায়িত্বও বটে।








