মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের দাবি, সতর্কতা উপেক্ষা করে প্রণালির দিকে অগ্রসর হওয়ায় একটি মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে।
ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ঘটনাটি সোমবার ঘটে এবং জাহাজটি জাস্ক দ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। প্রণালির দিকে অগ্রসর হওয়ার সময়ই এ হামলা চালানো হয় বলে দাবি করা হয়। হামলার পর জাহাজটি তার রুট পরিবর্তন করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এই দাবি পুরোপুরি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে জানান, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি।
ঘটনার আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরান সতর্ক করে জানায়, প্রণালিতে কোনো অননুমোদিত জাহাজ প্রবেশ করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
উল্লেখ্য, প্রায় ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে শুরু থেকেই সেটি অস্থির ছিল। যুদ্ধবিরতির পরদিনই যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে একটি ট্যাংকার জাহাজ জব্দ করে।
এরপর ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠছে।








