মধ্যপ্রাচ্যের আকাশে আবারও অস্থিরতার ছায়া ঘন হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পুরো অঞ্চলে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি আকাশেই প্রতিহত করা সম্ভব হয়েছে। অপর একটি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে সমুদ্রে।
এই ঘটনার পরপরই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিভিন্ন এলাকায় বিস্ফোরণের মতো যে শব্দ শোনা গেছে, তা আসলে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ড্রোন প্রতিহত করার সময় তৈরি হয়েছে।
এদিকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ফুজাইরার একটি গুরুত্বপূর্ণ পেট্রোলিয়াম স্থাপনায় ড্রোন হামলার পর। স্থানীয় মিডিয়া অফিসের দাবি, এই হামলার পেছনে রয়েছে ইরান। হামলার পরপরই স্থাপনাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে শিল্প এলাকায়।
এই হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আঘাত গুরুতর নয়।
ঘটনার পর আমিরাত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।








