মঙ্গলবার, ৫ মে ২০২৬

সবশেষ

মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে

রাজধানীর মেট্রোরেলের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, রাতের চলাচল আরও কিছুটা বাড়ানো হবে এবং ট্রেনের মধ্যে ব্যবধানও কমিয়ে আনা হতে পারে। নতুন এই ব্যবস্থা চলতি মাসের শেষ দিকেই অথবা ঈদুল আজহার পর থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, বর্তমানে রাতে যে সময় পর্যন্ত মেট্রোরেল চালু থাকে, সেটি আরও প্রায় ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর বিষয়টি নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবে প্রযুক্তিগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও চালানো হচ্ছে। সবকিছু ঠিকভাবে সম্পন্ন হলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

পরিকল্পনা বাস্তবায়িত হলে মতিঝিল থেকে উত্তরা রুটে সর্বশেষ ট্রেন রাত ১১টায় ছাড়বে। এখন এই দিকের শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলমুখী শেষ ট্রেনও রাত ১০টা ১০ মিনিটের পরিবর্তে আরও পরে ছাড়ার কথা রয়েছে।

এছাড়া ট্রেন চলাচলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর দিকেও নজর দিচ্ছে কর্তৃপক্ষ। বর্তমানে দুই ট্রেনের মধ্যে যে সময় ব্যবধান আছে, তা প্রায় ৩০ সেকেন্ড কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এতে করে গড়ে সাড়ে ৪ মিনিট পরপর ট্রেন চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে।

সকালবেলার সময়সূচিতে এখনই বড় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সোয়া ৭টায়, এই সময়সূচিই আপাতত বহাল থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *