মঙ্গলবার, ৫ মে ২০২৬

সবশেষ

অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় এখন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে, এমন একটি ধারণা জনমনে তৈরি হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার চান্দিনা-দেবিদ্বার মহাসড়ক প্রশস্তকরণ সংক্রান্ত স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ দমনে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে, তা জনসম্মুখে স্পষ্ট করা জরুরি।

আলোচনার একপর্যায়ে তিনি ভারতের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, রাজনৈতিকভাবে যেসব জনগোষ্ঠীকে সংখ্যালঘু হিসেবে দেখা হয়, তাদের অধিকার রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দেওয়া সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে তুলে ধরার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা উচিত। তার ভাষায়, দেশটি সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, এই বার্তা বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া দরকার।

সেবা খাতের কাঠামো নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠানগুলো জনগণের জন্যই কাজ করবে এবং সেখানে সেবা প্রদানকারী ও গ্রহণকারীর মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়। একই সঙ্গে নাগরিকদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে মহাসড়ক প্রশস্তকরণের বিভিন্ন দিক তুলে ধরেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *