বুধবার, ৬ মে ২০২৬

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে বিষয়টি আনুষ্ঠানিকভাবে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলকে চিঠির মাধ্যমে জানিয়েছে। একই সঙ্গে সমাবর্তনে একজন প্রতিনিধি উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে এই সম্মাননা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। কনস্যুলেট সূত্রে জানা গেছে, একজন প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ৬ মে দুপুর ২টায় টাম্পায়। পরদিন ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জামিল আহমেদ লিমন (২৭), যিনি খুলনা ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন, যুক্তরাষ্ট্রে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই বয়সী নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলেন।

গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন। দীর্ঘ সময় তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

ঘটনার তদন্তে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুগারবেয়িকে তার পারিবারিক বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার কাছ থেকে কালো রঙের আবর্জনার ব্যাগের ভেতর লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে।

এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) দুইটি হত্যার অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *