বুধবার, ৬ মে ২০২৬

সবশেষ

অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের হওয়া অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলো নিয়ে জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সংগ্রহ করছে সরকার। এসব মামলার যথার্থতা যাচাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়েছে, যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। এসব মামলার সংখ্যা ও তথ্য জেলাভিত্তিকভাবে সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে মহানগর এলাকাগুলোতে মামলার সংখ্যা তুলনামূলক বেশি বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনেক মামলায় বিপুল সংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে এবং অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনায় রেখে যাচাই-বাছাই করা হবে। তদন্ত কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, পুরো প্রক্রিয়াটি আইনগত কাঠামোর মধ্যেই সম্পন্ন করা হবে, যাতে দ্রুত সময়ে মামলাগুলোর নিষ্পত্তি সম্ভব হয়।

ডিসিদের কত দিনের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যত দ্রুত সম্ভব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। মৌখিকভাবে সর্বোচ্চ এক মাসের মধ্যে তথ্য পাঠানোর কথা বলা হলেও, দেরি হলেও ন্যায়বিচারের স্বার্থে তা বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং পরবর্তীতে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *