ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এ পদে দায়িত্ব পালন করা অধ্যাপক সায়মা হক বিদিশাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক আলমোজাদ্দেদীকে চার বছরের জন্য সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দিয়েছেন। তাঁর নিয়োগের মেয়াদ কার্যকর হবে দায়িত্ব গ্রহণের দিন থেকে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন মনে করলে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। নতুন দায়িত্বে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। উপাচার্যের অর্পিত ক্ষমতাও তিনি প্রয়োগ করবেন।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক সায়মা হক বিদিশাকে সহ-উপাচার্য (প্রশাসন) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তার পূর্বের পদে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর ওই বছরের সেপ্টেম্বর মাসে অধ্যাপক সায়মা হক বিদিশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।








