বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

কয়েক দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধির পর অবশেষে জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ০৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ লিটারে কমছে প্রায় ২২ টাকা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বিইআরসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্যহার ৭ মে রাত থেকেই কার্যকর হবে।

আন্তর্জাতিক রুটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের শুরুতে জেট ফুয়েলের দাম তুলনামূলক অনেক কম ছিল। জানুয়ারিতে প্রতি লিটারের মূল্য ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে সামান্য বেড়ে তা দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সায়।

তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়তে শুরু করলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ সংকট তৈরি হয়। এর প্রভাব পড়ে দেশীয় বাজারেও। মার্চে প্রথম দফায় দাম একলাফে বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়।

পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠায় ২৪ মার্চ দ্বিতীয় দফায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে জেট ফুয়েলের দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। এরপর এপ্রিলে আবারও দাম বাড়িয়ে প্রতি লিটার ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *