যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ অবশেষে দেশের পথে পাঠানো হয়েছে। পরিবারের সদস্য ও স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০২২০ ফ্লাইটে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। পথে দুবাইয়ে স্বল্প সময়ের ট্রানজিট শেষে এমিরেটসের আরেকটি ফ্লাইট ইকে-০৫৮২ এর মাধ্যমে মরদেহ ঢাকায় আনা হবে।
মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় তদারকি করা হয়েছে। অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বিমানে তোলার সময় মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে, স্থানীয় সময় বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিসহ পরিচিতজনরা অংশ নেন এবং তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি জামিল আহমেদ লিমনের মরদেহ ইতোমধ্যে দেশে পৌঁছেছে। গত ৪ মে তার মরদেহ ঢাকায় আনা হয়।
যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক উদ্বেগ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্বজনদের প্রত্যাশা, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








