শুক্রবার, ৮ মে ২০২৬

সন্তানের খরচ বাকি রাখলে ভ্রমণে কড়াকড়ি, পাসপোর্ট বাতিলে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

সন্তানের ভরণপোষণের অর্থ দীর্ঘদিন ধরে পরিশোধ না করা অভিভাবকদের বিরুদ্ধে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, যেসব নাগরিক সন্তানের ভরণপোষণ বাবদ বড় অঙ্কের বকেয়া রেখে দিয়েছেন, তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে।

দফতরের ঘোষণায় বলা হয়েছে, কোনো অভিভাবকের যদি সন্তানের ভরণপোষণ বাবদ ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকে, তাহলে তিনি এই পদক্ষেপের আওতায় পড়তে পারেন। বিশেষ করে যাদের বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য, তাদের বিরুদ্ধে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য, পরিবারকে সুরক্ষা দেয়া এবং প্রচলিত আইন কার্যকর করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তারা মনে করছে, এ ধরনের পদক্ষেপ অভিভাবকদের সন্তানদের প্রতি তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব পালনে বাধ্য করবে।

এ কারণে যাদের বিরুদ্ধে এমন বকেয়া রয়েছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে অর্থ পরিশোধ বা পরিশোধের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। অন্যথায় তাদের ভ্রমণসংক্রান্ত জটিলতায় পড়তে হতে পারে।

স্টেট ডিপার্টমেন্ট স্পষ্ট জানিয়েছে, একবার কোনো ব্যক্তির পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেটি আর আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, বকেয়া অর্থ পরিশোধ না করা পর্যন্ত নতুন পাসপোর্ট কিংবা পাসপোর্ট নবায়নের সুযোগও মিলবে না।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, বিদ্যমান ফেডারেল আইন প্রয়োগের মাধ্যমে শিশুদের কল্যাণ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। তাদের মতে, সন্তানের ভরণপোষণে অবহেলা করা অভিভাবকদের বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে শিশুদের অধিকার সুরক্ষিত হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে একটি ফেডারেল আইন পাস হয়, যেখানে ২ হাজার ৫০০ ডলারের বেশি শিশু ভরণপোষণ বকেয়া থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট বাতিলের সুযোগ রাখা হয়। তবে এতদিন এই আইন খুব সীমিত পরিসরে প্রয়োগ করা হয়েছে।

এর আগে, সাধারণত কেউ পাসপোর্ট নবায়নের আবেদন করলে তবেই তার বকেয়ার বিষয়টি সামনে আসত এবং তখনই তিনি সমস্যায় পড়তেন। কিন্তু নতুন উদ্যোগের ফলে আগের তুলনায় আরও সক্রিয়ভাবে ব্যবস্থা নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *