শনিবার, ৯ মে ২০২৬

সবশেষ

আসামে ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ভারতের আসাম রাজ্যে শনিবার দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে আসামের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এটি ভূপৃষ্ঠের কাছাকাছি বা অগভীর স্তরে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত উৎপত্তিস্থলের আশপাশে বেশি তীব্রভাবে অনুভূত হয়। অন্যদিকে গভীর ভূমিকম্প তুলনামূলক দূরবর্তী এলাকাতেও প্রভাব ফেলতে পারে।

ভূমিকম্পের পর আসামের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষও হালকা কাঁপুনি টের পাওয়ার কথা জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *