সোমবার, ১১ মে ২০২৬

সবশেষ

দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে দেখার আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্নীতি ও সন্ত্রাস দমনে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তির কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে বিচার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে, তাহলে দেশকে আরও নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যারা হবে সত্যিকারের জনবান্ধব এবং জনগণের আস্থার প্রতীক। তার মতে, পুলিশ প্রশাসনের আচরণ ও কার্যক্রমের মধ্য দিয়েই সাধারণ মানুষ সরকারের কার্যকারিতা মূল্যায়ন করে থাকে। তাই বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক গুণাবলিও অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি কিংবা সন্ত্রাসের মতো অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় আনা উচিত নয়। অপরাধীকে শুধু অপরাধী হিসেবেই দেখতে হবে। এ ধরনের নিরপেক্ষ অবস্থানই আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সভায় প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের যেকোনো প্রান্তে কিংবা যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। একইসঙ্গে পেশাদারিত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করার আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন সংস্কার ও অঙ্গীকারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, ভবিষ্যতে পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে সততা, যোগ্যতা এবং দক্ষতাকেই প্রধান বিবেচনায় রাখা হবে।

এ সময় তিনি উন্নয়ন প্রকল্প নিয়েও মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, রূপপুর প্রকল্প, টানেল ও পদ্মা সেতুর মতো বড় বড় উদ্যোগে অপ্রয়োজনীয় ব্যয় না হলে অন্যান্য খাতেও আরও উন্নত কাজ করা সম্ভব হতো।

মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বাহিনীকে আরও কার্যকর ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *