মালয়েশিয়ার বিভিন্ন স্থানে পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহতরা হলেন জমির শেখ, জাফর আলম ও মো. ফজলুর রহমান। তাদের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় এবং একজন নির্মাণকাজের সময় প্রাণ হারান।
জানা গেছে, কক্সবাজারের উখিয়া উপজেলার হাজীরপাড়া ইউনিয়নের টাইংগাকাটা এলাকার বাসিন্দা জাফর আলম দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার ডিংকেল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, গত শুক্রবার বিকেলে কুয়ালালামপুরের কাছাকাছি কেলাং এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা জমির শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি মহাসড়কের মাঝপথে থেমে গেলে সেটিকে সহায়তা করতে আরও একটি লরি ও একটি পিকআপ ভ্যান দাঁড়ায়। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন, যাদের একজন ছিলেন বাংলাদেশি শ্রমিক জমির শেখ। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে।
এদিকে, সারাওয়াক প্রদেশের বিনতাং এলাকার মেরাদংয়ে আরেক সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশি নির্মাণশ্রমিক মো. ফজলুর রহমান (৪০)। তিনি সেখানে একটি সেতু নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন।
মেরাডং জেলা পুলিশের প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট তানস্লী মেরিং জানান, সকালে সড়ক পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন ফজলুর রহমান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। সেমপ থেকে সিবুর দিকে আসা লরির চালক খুব অল্প দূরত্বের কারণে দুর্ঘটনা এড়াতে পারেননি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সারিকাই হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ দূতাবাসকেও জানানো হয়েছে।








