দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে ঢাকা।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করা হয়।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়।
বাংলাদেশ সরকার চলমান সংঘাত ও বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।








