মঙ্গলবার, ১২ মে ২০২৬

সবশেষ

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরপুর টেস্টে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় তুলে নিল টাইগাররা।

২৬৮ রানের লক্ষ্য নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে আগুনঝরা বোলিং করেন নাহিদ রানা। ডানহাতি এই পেসার ৪০ রান খরচায় ৫ উইকেট শিকার করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে এনে দেন।

ইনিংসের শুরুতেই পাকিস্তানকে ধাক্কা দেন তাসকিন আহমেদ। প্রথম ওভারেই ইমাম-উল-হককে ফিরিয়ে দেন তিনি। এরপর আজান আওয়াইস ও অধিনায়ক শান মাসুদের উইকেট হারিয়ে দ্রুত চাপে পড়ে সফরকারীরা।

তবে চতুর্থ উইকেটে আব্দুল্লাহ ফজল ও সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনের জুটিতে আসে ৫১ রান। ফজল ৬৬ রান করে তাইজুল ইসলামের শিকার হন। এরপর দ্রুতই ফেরেন সালমান আগাও।

মধ্যক্রমে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল চেষ্টা করলেও তাদের দাঁড়াতে দেননি নাহিদ রানা। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি।

শেষদিকে হাসান আলিকে এলবিডব্লিউ করেন তাইজুল ইসলাম। এরপর বাকি দুই উইকেট তুলে নিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন নাহিদ। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান মেহেদী হাসান মিরাজ।

এর আগে, ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪১৩ রান। অধিনায়ক শান্তর সেঞ্চুরির পাশাপাশি ফিফটি করেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। জবাবে পাকিস্তান আজান আওয়াইসের সেঞ্চুরিতে ৩৮৬ রান সংগ্রহ করে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রান। দ্বিতীয় ইনিংসে শান্ত করেন ৮৭ রান, মুমিনুল হক ৫৬ রান এবং মুশফিকুর রহিম করেন ২২ রান।

উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ২৩ বছর। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের পর এবার মিরপুরেও জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *