লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু নিয়ে যাওয়ার চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে স্থানীয়দের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৮৭৩-এর কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় সীমান্তের ওপারে থাকা কিছু বাংলাদেশি গরু ঘাস খাচ্ছিল। হঠাৎ কয়েকজন বিএসএফ সদস্য সেখানে এসে গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হয়ে তাদের বাধা দেন। এরপর উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি উত্তপ্ত হলে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের শান্ত করেন। বিজিবির উপস্থিতিতে বিএসএফ সদস্যরা নিজেদের অবস্থানে ফিরে যান। এতে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।
জোংড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, গরু নিয়ে যাওয়ার চেষ্টা ঘিরেই মূলত উত্তেজনা তৈরি হয়। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং বর্তমানে সীমান্তে শান্ত অবস্থা বিরাজ করছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ সীমান্তের কাছাকাছি অবস্থান নেয়। তবে জিরো পয়েন্টে প্রবেশ না করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পরে কোনো ধরনের আটক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।








