বুধবার, ১৩ মে ২০২৬

সবশেষ

অনুমতি ছাড়া আকাশসীমা ব্যবহার, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে ধাওয়া দিলো অস্ট্রিয়া!

অনুমতি ছাড়া আকাশসীমা ব্যবহারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমান অস্ট্রিয়ার আকাশসীমায় প্রবেশ করলে সেটিকে বাধা দিতে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করা হয়।

অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল বাউয়ার জানান, গত রোববার ও সোমবার (১০ ও ১১ মে) দুইবার পিসি-১২ টার্বোপ্রপ বিমান আপার অস্ট্রিয়ার টোটেস গেবির্গে পর্বতমালার ওপর দিয়ে উড়ে যায়। পরে অস্ট্রিয়ার যুদ্ধবিমান এগুলোকে প্রতিহত করতে এগিয়ে গেলে সংশ্লিষ্ট বিমানগুলো জার্মানির দিকে সরে যায়।

তিনি বলেন, বিষয়টি নিয়ে সৃষ্ট উত্তেজনা কূটনৈতিক পর্যায়ে সমাধানের চেষ্টা করা হবে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রিয়ার প্রতিক্রিয়া নিয়ে নানা মন্তব্য ও ব্যঙ্গ দেখা যায়। কেউ কেউ প্রশ্ন তোলেন, অস্ট্রিয়ার আকাশসীমা লঙ্ঘনকে আদৌ কতটা গুরুত্ব দেওয়া হয়।

এসব সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাইকেল বাউয়ার পাল্টা মন্তব্য করেন। এক পোস্টে তিনি লেখেন, “তাহলে কি বিমানটি গুলি করে নামিয়ে দেওয়া উচিত ছিল? আপনারা কি সেটাই আশা করছেন?” আরেক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহাসড়কে কেউ অতিরিক্ত গতিতে গাড়ি চালালে পুলিশ কি তাকে গুলি করে, নাকি জরিমানা করে?

এর আগেও যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম নিয়ে সতর্ক অবস্থান নিয়েছিল অস্ট্রিয়া। গত মাসে ইরানকে ঘিরে উত্তেজনার সময় মার্কিন সামরিক উড়োজাহাজকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় ভিয়েনা। তখন দেশটি তাদের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করেছিল।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সে সময় অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর আন্দ্রেয়া বাবলার মন্তব্য করেছিলেন, আমরা ট্রাম্প প্রশাসনের বিশৃঙ্খল নীতির অংশ নই। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া উচিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *