বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সবশেষ

শি’র সঙ্গে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হলো

বেইজিংয়ে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ভবিষ্যৎ, বৈশ্বিক স্থিতিশীলতা এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দুই পরাশক্তির নেতা। প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ নয়, সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন চীনা প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ শীর্ষ কর্মকর্তারা।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার তথ্য অনুযায়ী, বৈঠকের শুরুতে শি জিনপিং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে ‘নতুন এক সন্ধিক্ষণ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র যদি সংঘাতের পথ এড়িয়ে সহযোগিতার মাধ্যমে এগোয়, তাহলে তা শুধু দুই দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ইতিবাচক হবে।

আলোচনায় তাইওয়ান ইস্যুকেও বিশেষ গুরুত্ব দেন চীনা প্রেসিডেন্ট। তিনি স্পষ্টভাবে জানান, ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি হলো তাইওয়ান। এ বিষয়ে ভুল সিদ্ধান্ত বা উত্তেজনা দুই দেশের সম্পর্ককে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

শি জিনপিং বলেন, পারস্পরিক সহযোগিতায় উভয় দেশই লাভবান হতে পারে, কিন্তু দ্বন্দ্বে জড়ালে ক্ষতির মুখে পড়বে দুই পক্ষই। তাই প্রতিযোগিতার বদলে অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের জানান, আলোচনা ‘খুবই ইতিবাচক’ হয়েছে। তিনি শি জিনপিংকে একজন অসাধারণ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও ভালো পর্যায়ে পৌঁছাতে পারে।

ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তিনি সম্মানের বিষয় হিসেবে দেখেন এবং দুই দেশ একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোবে বলে বিশ্বাস করেন।

এর আগে, বেইজিংয়ে পৌঁছালে গ্রেট হলে ট্রাম্পকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান শি জিনপিং। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার সম্মানে আয়োজন করা হয় বর্ণাঢ্য প্যারেডও। পরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *