স্প্যানিশ ফুটবলের তরুণ তারকা লামিন ইয়ামালকে ঘিরে নতুন করে আন্তর্জাতিক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখোমুখি অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটাজ এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সনচেজ।
বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, কোনো রাষ্ট্রের পতাকা বহন করাকে যারা ‘ঘৃণা উসকানি’ হিসেবে দেখছেন, তারা হয় বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, নয়তো নিজেদের রাজনৈতিক অবস্থানের কারণে অন্ধ হয়ে গেছেন। তিনি আরও উল্লেখ করেন, ইয়ামালের এই অবস্থান আসলে ফিলিস্তিনের মানুষের প্রতি বহু স্প্যানিশ নাগরিকের অনুভূতিরই প্রতিফলন।
ঘটনার শুরু গত সোমবার (১১ মে)। এফসি বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের উদযাপনে বার্সেলোনার রাজপথে ছাদখোলা বাসে সতীর্থদের সঙ্গে ছিলেন ১৮ বছর বয়সী ইয়ামাল। উদযাপনের একপর্যায়ে তাকে ফিলিস্তিনের পতাকা নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানাতে দেখা যায়। শহরজুড়ে আয়োজিত সেই বিজয় উৎসবে প্রায় সাড়ে সাত লাখ সমর্থকের উপস্থিতি ছিল বলে জানা গেছে।
মুহূর্তটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই ইয়ামালের এই পদক্ষেপকে মানবিক সংহতির বার্তা হিসেবে দেখেছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক অবস্থান হিসেবে ব্যাখ্যা করেছেন।
তবে পুরো বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তি প্রকাশ করেছেন বার্সেলোনার প্রধান কোচ হানসি ফ্লিক। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি তার ভালো লাগেনি এবং এ নিয়ে তিনি ইয়ামালের সঙ্গে কথা বলেছেন।
ফ্লিকের ভাষ্য, সে যদি এমন কিছু করতে চায়, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে, মানুষ ফুটবলারদের ভিন্নভাবে দেখে এবং তাদের কাছ থেকে আলাদা ধরনের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে।
তিনি আরও যোগ করেন, আমরা মূলত ফুটবল খেলি। কিন্তু মাঠের বাইরেও আমাদের কর্মকাণ্ড অনেকের কাছে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।








