গাজার একটি আবাসিক ভবনে চালানো ইসরাইলি বিমান হামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরাইল দাবি করেছে, হামাসের শীর্ষ সামরিক নেতা ও আল-কাসসাম ব্রিগেডের কমান্ডার ইজ্জ আদ-দীন আল-হাদ্দাদকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (১৫ মে) এক যৌথ বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, হাদ্দাদকে হত্যার উদ্দেশ্যেই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি হামাসের সামরিক কার্যক্রমের অন্যতম প্রধান সমন্বয়কারী এবং ৭ অক্টোবরের হামলার পরিকল্পনাকারীদের একজন।
আল জাজিরা অ্যাম্বুলেন্স পরিষেবার অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।
ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজা শহরের রিমাল এলাকার একটি বহুতল আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। টাইমস অব ইসরাইলের বরাতে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ইঙ্গিত করছে যে অভিযানে লক্ষ্যবস্তু ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন।
ইসরাইলি কর্মকর্তাদের দাবি, হাদ্দাদ ইসরাইলি নাগরিক ও সেনাদের হত্যা, অপহরণ এবং হামলার সঙ্গে জড়িত ছিলেন। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, তিনি জিম্মিদের আটকে রাখা, ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে হামলা পরিচালনা এবং গাজাকে নিরস্ত্রীকরণের সম্ভাব্য চুক্তি বাস্তবায়নে বাধা দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন।
একই বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হামাসের অস্ত্র ভাণ্ডার ধ্বংস এবং গাজা উপত্যকাকে নিরস্ত্রীকরণ সংক্রান্ত যে উদ্যোগের কথা বলা হয়েছে, হাদ্দাদ তা প্রত্যাখ্যান করেছিলেন বলেও দাবি করে তেল আবিব।








