শনিবার, ১৬ মে ২০২৬

সবশেষ

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী

আগামী বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তার দল অঙ্গীকারবদ্ধ এবং সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান জানান, বিএনপি যেসব অঙ্গীকার নিয়ে নির্বাচনে গিয়েছিল, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মতো লাকসাম এলাকার বাসিন্দারাও ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন।

তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় ৫০ লাখ পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জনগণ আস্থা রেখেই বিএনপিকে নির্বাচনে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, সেই বিশ্বাসের যথাযথ মূল্যায়ন করা হবে।

পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তার ভাষায়, দেশের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে পর্যায়ক্রমে সব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *