সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নুরে আলম (৪২) এবং চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া (৪৩)। তারা দুজনই সৌদি আরবে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জেদ্দা-রিয়াদ মহাসড়কের আফিফ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্র জানিয়েছে, জেদ্দা থেকে ব্যবসার মালামাল নিয়ে রিয়াদের দিকে ফেরার সময় তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
নিহত নুরে আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মৃত খলিলুর রহমান সওদাগরের ছেলে। অপরদিকে ইদ্রিস মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বাসিন্দা।
স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবে যৌথভাবে ব্যবসা পরিচালনা করছিলেন তারা। হঠাৎ এ দুর্ঘটনায় দুই পরিবারেই নেমে এসেছে শোকের ছায়া।
নুরে আলমের স্ত্রী সুমি আক্তার বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। তিনি সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, দুর্ঘটনার খবর তিনি জেনেছেন। তবে এখনো নিহত পরিবারের কেউ আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেননি। আবেদন করা হলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানও জানিয়েছেন, সৌদি আরবে দুই প্রবাসীর মৃত্যুর বিষয়টি প্রশাসনের জানা রয়েছে। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সরকারি নিয়ম অনুসরণ করে মরদেহ দেশে আনার সব ধরনের সহযোগিতা করা হবে।








