মাদারীপুর শহরে আত্মীয়ের বাসা থেকে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের আট মাস বয়সী সন্তান রয়েছে। রোববার গভীর রাতে শহরের আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের শিশু সন্তান।
পুলিশ জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ গত তিন বছর ধরে শহরের আমিরাবাদ এলাকায় সান্তনা রানী চন্দের বাড়িতে ভাড়া থাকেন। রোববার বিকেলে আত্মীয় পরিচয়ে চিন্ময় দাস স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানে বেড়াতে যান। রাতে খাবার শেষে তারা একটি কক্ষে অবস্থান নেন।
পরে গভীর রাতে মিষ্টি বাড়ৈ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে একই কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই প্রথম বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্তের স্বার্থে মিষ্টি বাড়ৈকে সন্দেহের পরিধিতে রাখা হয়েছে।
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও রহস্যজনক। আলামত সংগ্রহ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।








